খিলগাঁওয়ে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ৫

রাজধানীর খিলগাঁও তালতলার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে সাপের বিষ চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১২। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব ১২-এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো— শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

মেজর মশিউর রহমান জানান, উদ্ধার করা সাপের বিষ ফ্রান্স থেকে ঢাকায় আনা হয়েছিল। যা অন্য কোনও দেশে পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, পাচারচক্রের কাছ থেকে মোট ১২ পাউন্ড সাপের বিষ, ৬টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে।

বিশেষ গোষ্ঠীর কাছে ব্যাপক চাহিদা থাকায় চক্রটি সাপের বিষ চোরাচালান করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি।

র‍্যাব-১২ এর এই কর্মকর্তা আরও বলেন, এর আগেও বাংলাদেশকে চোরাচালান চক্রটি রুট হিসবে ব্যবহার করেছে। জব্দ করা বিষ তরল, ক্রিস্টাল ও পাউডার ধরনের ছিল। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে র‌্যাব।