শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (৪ জানুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও মাউশির আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা মহামারির কারনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। তবে এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, রোল নম্বর নিয়ে একটা সমস্যা হয়। প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, আমাদের রোল নম্বরের যে প্রথা রয়েছে, তার কারণে একটা অনভিপ্রেত প্রতিযোগিতা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় যে সহযোগিতার মনোভাব, যেটি থাকার দরকার, অনেক সময় সেটির অভাব ঘটে রোল নম্বরের কারণে, সামনে আসতে চায় সবাই। তাই এবার ছাত্র-ছাত্রীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়া হবে।