ভারত নিষেধাজ্ঞা দিলেও সঠিক সময়ে ভ্যাকসিন পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর

সিরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সঠিক সময়ে ভ্যাকসিন পাওয়ার আশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (৪ জানুয়ারি) এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সিরামের ভ্যাকসিনের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এ ছাড়া তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমরা সব জায়গা থেকে আশ্বাস পেয়েছি। যেহেতু চুক্তি হয়েছে আমরা ভ্যাকসিন পাব।

মন্ত্রীর বক্তব্যের পর ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব জানান, ভারতীয় দূতাবাস থেকে বাংলাদেশকে জানানো হয়েছে যে, ভারত সরকার ভ্যাকসিন নিষিদ্ধ করেছে বাণিজ্যিক কার্যক্রমের জন্য। কিন্তু বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে সরকারি পর্যায়ে। এখানে কোনো বাধা নেই। এ জন্য চুক্তি অনুযায়ী অর্ধেক অর্থ (১২০ মিলিয়ন ডলার) আজই (সোমবার) পরিশোধ হয়ে যাবে। মন্ত্রী ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন।

মন্ত্রী বলেন, ভারতের কাছ থেকে করোনার ভ্যাকসিন পেতে তাদের সঙ্গে আমাদের সাথে যে চুক্তি হয়েছে এবং আজকে যে আলোচনা হয়েছে তাতে আমরা এখনও আশাবাদী। আমরা আশা করি ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকায় সঠিক সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। চুক্তির কোনো ব্যত্যয় ঘটবে না।

ভারতীয় উৎপাদক সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া জানায়, আগ্রহী দেশগুলোতে রপ্তানি শুরুর আগে আগামী দুই মাস তারা স্থানীয় চাহিদা পূরণ করতেই জোর দেবে।

আগামী মাসের শুরুতে এই সিরাম ইন্সটিটিউটের কাছ থেকেই বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে গতকাল রোববার জমাও দেওয়ার কথা জানিয়েছে সরকার। কিন্তু পরদিনই টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর এলো।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেয় ভারতের সরকার। টিকা রপ্তানি নিয়ে এরই মধ্যে সিরাম ইন্সটিটিউট বাংলাদেশ, সৌদি আরব ও মরক্কোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করে। চুক্তি অনুযায়ী সিরাম ইন্সটিটিউট ছয় মাসের মধ্যে প্রতিমাসে ৫০ লাখ করে তিন কোটি টিকা দেওয়ার কথা বাংলাদেশকে।