
ইংরেজী নববর্ষ জয় দিয়ে উদযাপন করেছে চট্টগ্রাম আবাহনী। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে মারুফুল হকের শিষ্যরা।নির্ধারিত সময়ের খেলাটি গোলশুন্যভাবে ড্র’ ছিল।
খেলার অতিরিক্ত সময়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র।
অথচ, নির্ধারিত সময়ে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। খেলার ৬০ মিনিটের সময়ে পেনাল্টি পেয়েছিল শেখ রাসেল। কিন্তু নক আউট পর্বে এতো বড় সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান রদ্রিগেজ। তার নেয়া পেনাল্টি প্রতিহত করেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাঈম। নির্ধারিত সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনীও। খেলার ৮৬ মিনিটের সময়ে কাওসার রাব্বী সহজ সুযোগ অপচয় করেন গোলরক্ষকের গায়ে মেরে!
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচেও প্রথমার্ধ ছিল গোলহীন। খেলার ১০৭তম মিনিটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন রাকিব হোসেন (১-০)। ১১৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন মান্নাফ রাব্বী (২-০)।
ম্যাচের শেষ বাশি বেজে ওঠার পূর্ব মুহূর্তে চট্টগ্রাম আবাহনীর কাওসার রাব্বীকে রাফ ট্যাকল করলে শেখ রাসেলের বদলি ফরোয়ার্ড তকলিস আহমেদ লালকার্ড দেখে বহিস্কৃত হন।
