
স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু র্যাংকিং ব্যাডমিন্টনের পুরুষ এককে গৌরব সিংহ এবং মহিলা এককে উর্মি আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন।
বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ পুলিশের গৌরব সিংহ ২-১ সেটে হারিয়েছেন একই দলের সিবাগাত উল্লাহকে। মহিলা এককের ফাইনালে পাবনার জেলার উর্মি আক্তার ২-০ সেটে হারিয়েছেন আর্মি ব্যাডমিন্টন ক্লাবের বৃষ্টি খাতুনকে।
পুরুষ দ্বৈতে আর্মি ব্যাডমিন্টন ক্লাবের সালমান খান ও রাহাত কবির খালেদ ২-০ সেটে হারিয়েছেন বাংলাদেশ পুলিশের মিজান রহমান ও রাহাদ নাঈমকে। নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন আর্মি ব্যাডমিন্টন ক্লাবের বৃষ্টি খাতুন ও রেহেনা খাতুন। ফাইনালে তারা ২-০ সেটে হারিয়েছেন পাবনা জেলার উর্মি আক্তার ও রেশমা আক্তার জুটিকে।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার।
