
ফেডারশন কাপের শুরুটা দুর্দান্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। গতবারের ফাইনালিস্ট রহমতগঞ্জকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এরপরও অতৃপ্তি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের কণ্ঠে! বড় জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করলেও এটাকে সেরা ম্যাচ মানছেন না তিনি। ব্রুজনের মতে, সামনের দিকে আরও ভালো খেলার সুযোগ আছে।
বসুন্ধরা একের পর এক আক্রমণ চালালেও গোল পেতে বেশ বেগ হতে হয়েছে। ৪৩ মিনিটে এসেছে প্রথম গোল। অন্য দুটি দ্বিতীয়ার্ধে। ৩ গোলের একটি করে করেছেন ব্রাজিলিয়ান রবিনিয়োর ও আর্জেন্টাইন রাউল বেসেরা। অন্যটি আত্মঘাতী।
ম্যাচ শেষে বসুন্ধরা কোচ ব্রুজন বলেছেন, ‘আমরা জিতেছি। টুর্নামেন্টে প্রথম ম্যাচ কঠিন হয়। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে আমাদের ২৫-৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। মাঝমাঠে যে বিল্ডআপে প্লে আশা করেছিলাম, সেটা হয়নি। জয় পেয়েছি এবং প্রায় পরের রাউন্ডে চলে গেছি, এটা আনন্দের। কিন্তু এটা আমাদের সেরা ম্যাচ নয়।’
মাত্র একমাসের অনুশীলনে রহমতগঞ্জ লড়াই করার চেষ্টা করেছে। কিন্তু একজন বিদেশি নিয়ে শেষরক্ষা হয়নি। কোচ সৈয়দ গোলাম জিলানি অবশ্য দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন, ‘আমরা আজ শুধুমাত্র একজন বিদেশি খেলাতে পেরেছি। অন্যরা ঠিক সময়ে আসতে না পারার কারণে খেলাতে পারিনি। তবে দলের খেলায় আমি খুশি। ছেলেরা নির্দেশনা অনুযায়ী খেলেছে। বসুন্ধরা দীর্ঘদিন ধরে অনুশীলনের মধ্যে ছিল। তারা যোগ্য দল হিসেবে জিতেছে। গ্রুপে আরও একটি ম্যাচ আছে। দেখা যাক কী হয়।
