উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষী ধীমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ ডিসেম্বর) ভোররাতে জেলার বাঘাইছড়ি উপজেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধীমান চাকমা ছুটিতে বাঘাইছড়ির নিজ বাড়িতে গিয়েছিলেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীমান চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বাড়িতে আসেন। রাতে তিনি সেখানেই ঘুমিয়ে ছিলেন। এ সময় অস্ত্রশস্ত্রসহ একদল সন্ত্রাসী বাড়ি এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি জেএসএস (এম এন লারমা) দলের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।