বিজয় মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন স্বেচ্ছাসেবক লীগের

দেশবাংলা ডেস্ক :মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন এবং ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার দিবাগত মধ্যরাত ১২টা ১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি আলোর মিছিল ধানমন্ডি ৩২ নম্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতাবিরোধী এবং মৌলবাদীদের কোনো ঠাঁই হবে না। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হওয়ার আহ্বান জানান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।