
স্পোর্টস ডেস্ক
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২০’।
উদ্বোধনী দিনে দাবা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দ্য ডেইলি স্পোর্টস ২৪ ডটকমের মোরসালিন আহমেদ। রানার আপ হয়েছেন রানার আপ হয়েছেন রেডিও টুডের মোশকায়েত মাশরেক। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন নিউজনেক্সট বিডির মাহবুব আলম খান।
এর আগে ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম ও স্বপন বসু।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শুরু হবে ক্যারম প্রতিযোগিতা। এবারের এই ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষ ও নারী সদস্যদের ১৭ ইভেন্টের পাশাপাশি সদস্যদের স্বামী-স্ত্রী ও সন্তানদেরও ইভেন্ট রয়েছে। সকল ইভেন্টই স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে পরিচালিত হবে। দুই বছর পর সদস্যদের স্ত্রী/স্বামী ও সন্তানদের ইভেন্ট হচ্ছে। ইনডোর গেমসে সেরা ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে।
প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন ৪ পয়েন্ট রানার্স আপ ৩ পয়েন্ট, তৃতীয় স্থান অধিকারী ২ পয়েন্ট ও চতুর্থ স্থান অধিকারী এক পয়েন্ট অর্জন করবে। ইনডোর গেমসে প্রায় ৪০০ জন প্রতিযোগি এন্ট্রি সম্পন্ন করেছেন। ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষ সদস্যদের ইভেন্ট ১১টি। সেগুলো হলো- দাবা, ব্যাডমিন্টন (একক), শুটিং, টেবিল টেনিস (একক), ক্যারম (একক), ম্যারাথন, ১০০ মিটার দৌড়, আরচ্যারি (তীর ধনুক), গোলক নিক্ষেপ, কলব্রীজ এবং ব্রীজ।
নারী সদস্যদের ইভেন্ট ৬টি। সেগুলো হলো- শুটিং, দাবা, ক্যারম (একক), ব্যাডমিন্টন (একক), টেবিল টেনিস (একক) এবং মিনি ম্যারাথন। সদস্য সন্তানদের ইভেন্ট (২টি)। যথা- ১০০ ও ২০০ মিটার দৌড়। সদস্য স্ত্রীদের ইভেন্ট একটি- স্ট্যাম্প ভাঙ্গা। আর নারী সদস্য স্বামীদের ইভেন্ট একটি- ২০০ মিটার দৌড়।
