
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ রোকবল অ্যাসোসিয়েশন আয়োজনে আজ রোববার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন কাপ প্রথম নারী রোকবল প্রতিযোগিতা-২০২০।’ উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ থেকে থেকে চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব। খ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে রাজশাহী ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।
তার আগে দুপুরে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আখতার, রোকবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বি.এম. সহিদুজ্জামানসহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ।
৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হল- বাংলাদেশ পুলিশ রোকবল ক্লাব, বাংলাদেশ আনসার, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, জিসান স্পোর্টিং ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। দুই গ্রুপে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেক দলকে ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেওয়া হয়েছে। টুর্নামেন্টটি আন্তর্জাতিক ও এশিয়ান রোকবল ফেডারেশনের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।
