দেশে করোনায় ২১ জন মারা গেছেন

দেশবাংলা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৪ জন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫১৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৪ হাজার ১৬৪ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৬৯৭ জনে।