জেএফএ কাপের পাওয়ার স্পন্সর হলো ওয়ালটন

স্পোর্টস ডেস্ক

টানা ষষ্ঠবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব।

আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সাতটি ভেন্যুতে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এবারের এই জেএফএ কাপের পাওয়ার স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে ওয়ালটন গ্রুপকে পাওয়ার স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো জেএফএ কাপের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন গ্রুপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, টেকনিক্যাল ডিরেক্টও পল স্মলিসহ অন্যরা।

করোনার এ কঠিন পরিস্থিতিতেও ৪৯টি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে নারী ট্যালেন্টহান্ট জেএফএ কাপ। গত আসরের চেয়ে এবার ১০টি দল বেশি অংশ নিচ্ছে। প্রাথমিক পর্বে ৪৯টি দল ৭টি ভেন্যুতে খেলবে। নভেম্বরের শেষ দিকে চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাতটি ভেন্যুও মধ্যে রয়েছে- দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম-ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম-মাগুরা ও কুষ্টিয়া জেলা স্টেডিয়াম।

জেএফএ কাপ সামনে রেখে এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, করোনা পরিস্থিতিতে আমরা ওয়ালটন পরিবারই প্রথম তায়কোয়ান্দো ইভেন্ট দিয়ে মাঠে খেলা ফেরাই। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত স্বাস্থ্যবিধি মেনে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করছি। জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে অনেকদিন পর আমরা সবাই মিলিত হলাম। এই আয়োজনে আমরা আগেও ছিলাম; এবারও আছি। ওয়ালটন পরিবারকে এই সুযোগ করে দেয়ার জন্য মাহফুজা আক্তার কিরণ আপাকে (বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান) ধন্যবাদ। প্রতিবারের মতো এবারও আমরা আসরের চ্যাম্পিয়ন দল এবং সেরা খেলোয়াড়কে হোম এপ্লাইয়েন্স দিয়ে উৎসাহিত করবে।

মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ষষ্ঠবারের মতো জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াতে যাচ্ছে। ২০১৫ সালে আমরা প্রথমবার টুর্নামেন্টটি আয়োজন করি। সেবার ২৮টি দল অংশ নিয়েছিল। এরপর ২০১৬ সালে ৪২টি, ২০১৭ সালে ৩৬টি, ২০১৮ সালে ৩৫টি, ২০১৯ সালে ৩৯টি এবং এ বছর ৪৯টি দল অংশ নিচ্ছে। এই কোভিড পরিস্থিতির মধ্যেও এবার সর্বোচ্চ সংখ্যক দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে আমরা ২৫ হাজার টাকা দেবে। এছাড়া অংশগ্রহণ ফিসহ আরো অনেক কিছুই থাকছে। ওয়ালটন পরিবার এবং ডন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তারা শুধু স্পন্সরশিপই করছে না; হোম এপ্লাইয়েন্স দিয়েও নানাভাবে সহায়তা করে। এতে করে মেয়েরা অনেক বেশি উৎসাহিত হয়। দুই বারের বেশি এবার কেউ টুর্নামেন্টে অংশ নিতে পারবে না; বয়স থাকলেও। কারণ গতবার একটা ঝামেলা হয়েছিল। এটা আসলে একটি ট্যালেন্টহান্ট প্রোগ্রাম। প্রতিভা বাছাই কর্মসূচি। এখানে যারা ভালো করবে তাদের আমরা ক্যাম্পে এনে উন্নত প্রশিক্ষণ দেব।’

বাফুফের টেকনিক্যাল কমিটির ডিরেক্টও থমাস পল স্মলি বলেন, ডন সাহেবকে ধন্যবাদ। ওনি নারী ফুটবলকে দীর্ঘদিন ধরে নানাভাবে সহায়তা করছেন। করোনার কঠিন পরিস্থিতিতে এমন একটি টুর্নামেন্টর আয়োজন প্রশংসার দাবি রাখে। এই আসরের মধ্যে দিয়ে তরুণরা খেলার সুযোগ পাবে। অনেক তরুণ প্রতিভা উঠে আসবে। আসরটি আয়োজনের জন্য বাফুফেকে ধন্যবাদ।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবার ৭টি ভেন্যুতে ৪৯টি দল অংশ নিচ্ছে। প্রাথমিক পর্বে ৪৯টি দল থাকছে। প্রাথমিক পর্ব শেষে এই মাসের মধ্যেই আমরা চূড়ান্ত পর্ব শুরু করতে চাই। আমরা ৬৪টি জেলাকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু নানা কারণে বাকি দলগুলো অংশ নিতে পারিনি।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়। ৭টি আঞ্চলিক ভেন্যুর প্রতিটিকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে খেলার ম্যাচ বল প্রদান করা হয়। আঞ্চলিক ভেন্যুর ৭টি চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে। এ ছাড়া চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া ফেয়ার প্লে ট্রফি, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ট্রফি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ট্রফি, সেরা উদিয়মান খেলোয়াড়কে ট্রফি, সেরা আঞ্চলিক ভেন্যুকে ক্রেস্ট প্রদান করা হবে।