ফ্লাইওভার থেকে তরুণীর লাফ, ৯৯৯ এর সহায়তায় হাসপাতালে

দেশবাংলা ডেস্ক

৯৯৯ এ একজন রিকশাচালকের ফোন কলে সায়েদাবাদ ফ্লাইওভার থেকে আত্মহত্যা প্রচেষ্টায় লাফ দেয়া তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ। আজ রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয়।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯’এ একজন রিকশাচালক কলার সায়েদাবাদ জনপদ মোড় থেকে ফোন করে জানান ফ্লাইওভারের উপর থেকে এক তরুণী লাফ দিয়েছে, সে এখন রাস্তায় পড়ে আছে।

ওই রিকশাচালক আরো জানান, তরুণী এখনো বেঁচে আছে, তার মুখ থেকে গোঙানির শব্দ শোনা যাচ্ছিল।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে রাত ২টায় যাত্রাবাড়ী থানার এসআই মনির ৯৯৯ কে ফোনে জানান, তিনি তরুণীকে উদ্ধার করে পুলিশের টহল গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তরুণীর সিটি স্ক্যান করানো হয়েছে, শরীরের কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে এবং পায়ে প্লাস্টার করতে হয়েছে। তবে তরুণী আশঙ্কামুক্ত। তরুণী কিছুটা সুস্থ হলে তার অভিভাবকের নাম ঠিকানা নিয়ে তার তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।