
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮৮৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ চার হাজার ৭৬০ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে ১৪ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২৩ লাখ ১০ হাজার ৫৮৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা তিন লাখ ২১ হাজার ২৮১ জন।
এ সময়ে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৭৮ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৫২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৫২৯ জন (৭৭ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ৩৫৭ জন (২২ দশমিক ০৫ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে বিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব তিন, পঞ্চাশোর্ধ্ব ৯ এবং ষাটোর্ধ্ব ১১ জন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে পাঁচ, বরিশালে এক, সিলেটে তিন এবং ময়মনসিংহ বিভাগে একজন।
