
মোঃ রাসেল
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট ব্রেড এর পৃষ্ঠপোষকতায় আগামী ৩১ অক্টোবর ২০২০ থেকে অনুষ্ঠিতব্য “বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ)-২০২০’’ অনুষ্ঠান উপলক্ষ্যে আজ ২৯ অক্টোবর ২০২০ দুপুর ১২:০০ টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল
স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ব্রেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান, পরিচালনা কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানানো হয় যে, “বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ)-২০২০’র কার্যক্রম পরিচালনার জন্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বাজেট ধার্য করা হয়েছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ব্রেড হতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হবে।
আয়োজিত “বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ)-২০২০’র উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী ৩১ অক্টোবর ২০২০ তারিখ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১:৩০ টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নান্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান জনাব বি এম শোয়েব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত প্রতিযোগিতায় উদ্বোধনী খেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বনাম টিম হ্যান্ডবল ঢাকা এর মধ্যে অনুষ্ঠিত হবে ।
আয়োজিত ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং টিম হ্যান্ডবল ঢাকা দলসমূহ অংশগ্রহন করছে।
উল্লেখ্য যে, এবারের প্রতিযোগিতার সকল খেলা বাংলাদেশ সরকারের নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রেখে এবং করোনভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধ সংক্রান্ত সকল রকমের স্বাস্থ্য বিধি-বিধান অনুসরণ করেই পরিচালনা করা হবে। তাই সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করা যাচ্ছে।
