
‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২০’ এর এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে জাগো নিউজ। রানার্স-আপ হয়েছে জিটিভি।
আজ বুধবার (২১ অক্টোবর) পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জাগো নিউজ ৩-০ গোলে জিটিভিকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
হ্যাটট্রিক করে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল।ফাইনালের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার (১০ গোল) পুরস্কারও জিতেছেন তিনি। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ৭১ টিভি।
এর আগে প্রথম সেমিফাইনালে জিটিভি ১-০ গোলে ৭১ টিভিকে এবং জাগো নিউজ ১-০ গোলে বার্তা২৪ কে পরাজিত করে ফাইনালে উঠে। প্রথম সেমিফাইনালে জিটিভির সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সেমিফাইনালে জাগো নিউজের সাঈদ শিপন ম্যাচসেরা হন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৪০ হাজার ও রানার্স-আপ দল ট্রফি ও ২০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। ফেয়ার প্লে ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট এবং ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়েছে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রার্নাস-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি। ডিআরইউর সহ-সভাপতি নজরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এ সময় ওয়ালটন, ডিআরইউ, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল- কালেরকণ্ঠ, বাংলাদেশ টেলিভিশন, বিডিনিউজ২৪.কম, সংবাদ প্রতিদিন, আরটিভি, এশিয়ান টিভি, করতোয়া, আমাদের সংবাদ, জাগোনিউজ২৪, আমাদের সময়, যমুনা টিভি, জনকণ্ঠ, এটিএন বাংলা, নয়া দিগন্ত, বার্তা২৪, রেডিও টুডে, নিউ এইজ, অবজারভার, রাইজিংবিডি.কম, সংগ্রাম, ইউএনবি, আজকালের খবর, সমকাল, যুগান্তর, চ্যানেল২৪, ৭১ টিভি, নিউ নেশান, বাংলাভিশন, একুশে টিভি, বাংলাদেশ প্রতিদিন, সংবাদ, খোলা কাগজ, জবাবদিহি, ঢাকা টাইমস, নাগরিক টিভি, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশের খবর, সময়ের আলো, ইনকিলাব, ইত্তেফাক, ভোরের ডাক ও ডেইলি সান।
