
মোঃ রাসেল
মহামারি করোনাভাইরাসের কারণে সাত মাস স্থগিত থাকার পর আজ রোববার (১৮ অক্টোবর) থেকে আবার শুরু হয়েছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০’। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ দ্বিতীয় রাউন্ডের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখান থেকে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, ৭১ টিভি, বার্তা২৪, একুশে টিভি ও আরটিভি।
দিনের প্রথম ম্যাচে ৭১ টিভি ২-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করে। ৭১ টিভির হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন জেমসন মাহবুব। দ্বিতীয় ম্যাচে ভোরের কাগজ ১-০ গোলে হারায় খোলা কাগজকে। ম্যাচসেরা হন ভোরের কাগজের আলী ইব্রাহিম। তৃতীয় ম্যাচে বার্তা২৪ টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারায় সময়ের আলোকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। ম্যাচসেরা হন বার্তা২৪ এর গোলরক্ষক সেরাজুল ইসলাম সিরাজ।
চতুর্থ ম্যাচে একুশে টিভি টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় কালেরকণ্ঠকে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। এই ম্যাচের ম্যাচসেরা হন একুশে টিভির আল আমিন আজাদ। পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে প্রতিপক্ষ না আসায় ওয়াক-ওভার পায় দৈনিক জনকণ্ঠ ও আরটিভি।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। রানার্স-আপ দল ট্রফি ও ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। ফেয়ার প্লে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট এবং ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে- কালেরকণ্ঠ, বাংলাদেশ টেলিভিশন, বিডিনিউজ২৪.কম, সংবাদ প্রতিদিন, আরটিভি, এশিয়ান টিভি, করতোয়া, আমাদের সংবাদ, জাগোনিউজ২৪, আমাদের সময়, যমুনা টিভি, জনকণ্ঠ, এটিএন বাংলা, নয়া দিগন্ত, বার্তা২৪, রেডিও টুডে, নিউ এইজ, অবজারভার, রাইজিংবিডি.কম, সংগ্রাম, ইউএনবি, আজকালের খবর, সমকাল, যুগান্তর, চ্যানেল২৪, ৭১ টিভি, নিউ নেশান, বাংলাভিশন, একুশে টিভি, বাংলাদেশ প্রতিদিন, সংবাদ, খোলা কাগজ, জবাবদিহি, ঢাকা টাইমস, নাগরিক টিভি, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশের খবর, সময়ের আলো, ইনকিলাব, ইত্তেফাক, ভোরের ডাক ও ডেইলি সান।
