
স্পোর্টস ডেস্ক
শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত শরীর চর্চার কোনো বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে বেশি বেশি শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে দেশের প্রতিটি জেলায় জিমনেসিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে একটি জিমনেসিয়াম উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি অর্থ বছরে সরকারিভাবে ১৯টি জিমনেসিয়াম নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় একটি করে অত্যাধুনিক জিমনেসিয়াম নির্মাণ করা হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলার মাঠ সংরক্ষণেও কাজ করছে সরকার, দেশের খেলার মাঠগুলো যাতে কোনোভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা উন্মুক্ত স্থান ও খেলার মাঠগুলোকে সংরক্ষণ করার লক্ষ্যে আমরা দেশের প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে একটি করে খেলার মাঠ সংরক্ষণের উদ্যোগ করেছি।
তিনি আরও বলেছেন, আমরা ইতোমধ্যে উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন করেছি। এ অর্থ বছরে আরও ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠগুলোর প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে সবাই যাতে মাঠে খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে নজর রেখেই উন্মুক্ত পরিবেশে স্টেডিয়ামগুলি নির্মাণ করা হচ্ছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও বিশিষ্ট চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির।
