সরকারদলীয় সন্ত্রাসীদের নির্যাতনের মহৌৎসব শুরু হয়েছে : মির্জা ফখরুল

দেশবাংলা ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সন্ত্রাসীদের এ ধরনের পৈশাচিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান মিড নাইট সরকারের আমলে চারিদিকে শুধু নারী ও শিশু নির্যাতনের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহৌৎসব শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন যে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, তা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই বোঝা যায়। নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট। সরকারের নিজেদের দুঃশাসনের ফলে অপকীর্তি ও অপকর্মের মাত্রা বৃদ্ধিতে এ ধরনের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিভিষিকাময় ও দুর্বিনীত দুঃশাসনের এক ভয়াল রুপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। এখন দুষ্কৃতিকারীরা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে সংঘটিত নারীর ওপর মানুষ নামের পশুদের দ্বারা বর্বরোচিত হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। দেশবাসী আশা করে এই অমানুষদের নজীরবিহীন শাস্তি হোক।’

‘নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে পৈশাচিক কায়দায় নির্যাতনের ঘটনায় যারা জড়িত আমি তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় ভুক্তভোগী নারী ও তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’ বিবৃতিতে বলেন বিএনপি মহাসচিব।

এদিকে বেগমগঞ্জের ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন একলাশপুর ইউপির সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ (৪২) ও মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি সাজু (২১)। গতকাল সোমবার রাতে একলাশপুর এলাকা তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গৃহবধূ নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, রাতে অভিযান চালিয়ে একলাশপুর থেকে ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে এবং পৃথক স্থান থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। তবে সোহাগ এজাহারভুক্ত আসামি নন।