শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা

দেশবাংলা ডেস্ক

দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন আজ (৫ অক্টোবর)। ১৯৮৩ সালের ৫ অক্টোবর তারিখের নড়াইলে জন্মগ্রহণ করেছেন বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানানোর আগেই যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে, লড়েছেন সবশেষ জাতীয় নির্বাচনে, সেখানে নিতে হয়েছেন নিজ জন্মস্থানের এলাকার সংসদ সদস্য।

ছোটবেলা থেকেই দুরন্ত টাইগার সেনাপতি মাশরাফি। শৈশব কেটেছে চিত্রা নদীর পাড়ে। ছোটবেলায় বন্ধুদের সর্দার (দলনেতা) ছিল কৌশিক। তার সঙ্গে চিত্রা নদীর এক ধরণের মিতালী ছিল। এই নদী তাকে খুব টানত। সময় পেলেই ঢাকা থেকে নড়াইল ছুটতেন মাশরাফি।

চিত্রা নদী তোলপাড় করায় সম্ভবত নড়াইলের কিশোরকুলের সর্বকালের সেরা ছিল এই কৌশিক। ‘মাশরাফি’ নামক বইয়ে তার মামা নাহিদুর রহমান বলেছিলেন, ‘ছেলেটা তার বাবার মতো খেলোয়াড় হতে পারে। তবে ফুটবল-ক্রিকেট নয়; ছেলেটা হবে হয়তো সাঁতারু।’

চিত্রা নদীই ছিল কৌশিকের ঘর, চিত্রাই তার বাড়ি। নদীতে সাঁতার কেটে তার আনন্দ যেন অন্য কিছুতে হতো না। নদী যেন তার পোষ মানা কেউ। একই রকম দখল বৃক্ষরাজির ওপর। আম-জাম-লিচু-নারকেল সব গাছেই তার শাখামৃগের আদলে বিচরণ। সেই দুরন্ত কিশোরটিই আজকের মাশরাফি। যিনি নির্বাচন নামক আরেকটি নদী পাড়ি দিয়েও সফল হয়েছেন।