এজিএম শেষ, ভোট শুরু

মোঃ রাসেল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরের খাবারের বিরতির পর ভোট শুরু। রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোট চলবে সন্ধ্যা ছয়টা পযর্ন্ত।

এদিন দুইজন ডেলিগেট অনুপস্থিত রয়েছেন। চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী উপস্থিত হতে পারেননি।

এবারের নির্বাচনে ২১ পদের জন্য লড়বেন ৪৭ প্রার্থী। দুটো প্যানেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি হলো কাজী সালাউদ্দিন- সালাম মুর্শেদীর সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি হলো শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ।
এছাড়া প্রেসিডেন্ট পদে সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন শফিকুল ইসলাম মানিক। তিনি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

বর্তমান সহ-সভাপতি তাবিথ আউয়ালও একই পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। এই নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।