
দেশবাংলা ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১৬১ জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৫ জন।মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৫৯ হাজার ১৪৮ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৫টি পরীক্ষাগারে ১০ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭০ হাজার ৪৯১ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৯৯৬ জন (৭৭ দশমিক ৪৩ শতাংশ) ও নারী এক হাজার ১৬৫ জন (২২ দশমিক ৫৭ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ২৩ জন।
বিভাগ অনুযায়ী, ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় চারজন ও সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
