
মোঃ রাসেল
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় পুরুষ ও মিক্সড পেসাপালো চ্যাম্পিয়নশিপ’। বাংলাদেশ পেসাপালো অ্যাসোসিয়েশনের আয়োজনে দুইদিন ব্যাপী এ টুর্নামেন্ট হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত জানান আয়োজকরা। সকাল ১১ টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের সভাপতি ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ফার্স্ট সিনিয়র
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের এবং কোষাধ্যক্ষ আজম আলি খান।

সংবাদ সম্মেলনে এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘করোনার মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নিয়মগুলো যথাযথভাবে মেনেই এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আমরা ওয়ালটন পরিবার পেসাপালোর শুরু থেকেই ছিলাম। নতুন খেলা হলেও এটা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আশা করা যায় এক সময় এটি বেশ জনপ্রিয়তা পাবে। এই প্রতিযোগিতার সর্বাঙ্গিন সাফল্য ও মঙ্গল কামনা করছি।’
জাতীয় চ্যাম্পিয়নশিপ দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে পুরুষ ও মিক্সড প্রতিযোগিতা। পুরুষ ক্যাটাগরিতে দলে ১২ জন পুরুষ, মিক্সড ক্যাটাগরিতে দলে ৫ জন নারী ও ৭ জন পুরুষ খেলোয়াড় থাকবে। এবারের প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ১০টি দল অংশগ্রহণ করবে।
দলগুলো হলো, পুরুষ ক্যাটাগরি: বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, স্যান্ড এঞ্জেল ক্লাব, সাভার কমিউনিটি ক্লাব ও জিসান স্পোর্টস ক্লাব। এছাড়া মিক্সড ক্যাটাগরি: বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, সাভার কমিউনিটি ক্লাব ও জে স্পোর্টস একাডেমি।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১০টি দল থেকে গত বছরের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল দুইটি গ্রুপের প্রথমে থাকবে। বাকি দলগুলো লটারির মাধ্যমে দুই গ্রুপে বিভক্ত হবে। প্রথমত পুরুষ ক্যাটাগরির ৬টি দলের গ্রুপ পর্বের খেলায় প্রত্যেকের সাথে খেলা হবে। গ্রুপ হতে সেরা ৪টি দল ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল খেলবে এবং সেরা দুটি দল ফাইনাল খেলবে। মিক্সড ক্যাটাগরির ৪টি দল ক্রস নকআউট পদ্ধতিতে সরাসরি সেমিফাইনাল খেলে সেরা দুটি দল ফাইনাল খেলবে।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি দেওয়া হবে। এছাড়া
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
