ফিফা র‍্যাংকিং নিয়ে কাজী সালাউদ্দিনের নতুন প্রতিশ্রুতি

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ১২ বছর বাফুফের সভাপতির দায়িত্ব পালনকালে কাজী মো. সালাউদ্দিনকে যে সমালোচনাগুলো শুনতে হয়েছে তার অন্যতম ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন। দেশের এ কিংবদন্তি ফুটবলারের দায়িত্বকালেই একবার বাংলাদেশ ১৯৭ তে নেমে গিয়েছিল। সর্বশেষ ১৮৭।

সালাউদ্দিন বিরোধীদের প্রচারণার অন্যতম অস্ত্র এই ফিফা র‍্যাংকিং।যে কারণে আসন্ন নির্বাচন সামনে রেখে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ যে ইশতেহার ঘোষণা করেছে সেখানে গুরুত্ব দেয়া হয়েছে ফিফা র‍্যাংকিংকে।

রোববার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফুটবল উন্নয়নে ৩৬ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। যার প্রথম ৬ টি প্রতিশ্রুতিই জাতীয় ফুটবল দল নিয়ে। সেখানে ২০১৪ সালের মধ্যে জাতীয় ফুটবল দলকে ফিফা র‍্যাংকিংয়ে ১৫০ এর কাছাকাছি এবং নারী ফুটবল দলকে ৯০ এর কাছাকাছি ওঠানোর চেষ্টার কথা বলা হয়েছে।

ইশতেহার ঘোষণার পর সংবাদ সম্মেলনেও র‍্যাংকিং নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে হয়েছে কাজী মো. সালাউদ্দিনকে। জবাবে ১২ বছর ধরে সভাপতির দায়িত্বে থাকা সাবেক এ তারকা ফুটবলার বলেছেন,আমি যখন বাফুফের সভাপতির দায়িত্ব নিয়েছিলাম তখন আমরা ছিলাম ১৮০ নম্বরে। এখন আবার ব্যাক করে ১৮৭ তে। র‍্যাংকিং নির্ভর করে অনেক কিছুর ওপর। বিশেষ করে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বেশি বেশি খেলে ভালো ফলাফল করলে র‍্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়ে। আমরা টানা তিন বছর কোনো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারিনি। তখন র্যাংকিং ১৯৭ তে চলে গিয়েছিল। চ্যাম্পিয়ন ফ্রান্স; কিন্তু তারা ফিফা র্যাংকিয়ে শীর্ষে নেই। শীর্ষে বেলজিয়াম।

আগামী চার বছরে ফিফা র‍্যাংকিং ৩০ থেকে ৪০ ধাপ ওপরে তুলতে জাতীয় দল নিয়ে যে বিষয়গুলো ইশতেহারে উল্লেখ করেছে সম্মিলিত পরিষদ সেগুলো হলো-

জাতীয় ফুটবল দলের জন্য দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা, বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা, সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমস এর শিরোপা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা।

জাতীয় ফুটবল দলের জন্য হাইপ্রোফাইল কোচিং স্টাফ নিয়োগ প্রদানসহ উন্নতমানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা, প্লেয়ার মনিটরিং সফটওয়্যার, হেলথ মনিটরিং এবং ম্যাচ অ্যানালাইসিস সফটওয়্যারসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।