
দেশবাংলা ডেস্ক
করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল করিম মৃত্যুবরণ করেছেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করতেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, অগণিত শিক্ষার্থী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত তিন-চার দিন থেকে তিনি জ্বর, তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) করোনা পরীক্ষা করিয়েছিলেন অধ্যাপক মনজুরুল করিম। পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
সোমবার সকাল ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে অবস্থা গুরতর দেখে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক ড. মো. মনজুরুল করিম এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক মনজুরুল করিম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. মো. মনজুরুল করিম কর্মজীবনে রসায়ন বিভাগের সভাপতি, হলের প্রোভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক পদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
