বাফুফে নির্বাচন : সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের আজ শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত তোলা যাবে মনোনয়নপত্র।

কিন্তু মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ দুপুরে হঠাৎ করেই চমক দেখালেন সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। কোনো প্যানেল থেকে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন- সেটা আপাতত জানা যায়নি। মনোনয়নপত্র তোলার আগ পর্যন্ত কোথাও মানিকের নাম শোনা যায়নি।

হঠাৎ করেই আজ দুপুরে বাফুফে ভবনে এসে সভাপতি পদে ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনলেন সাবেক এই ফুটবলার এবং কোচ। মানিকের মনোনয়নপত্র কেনার পরই সরগরম হয়ে উঠেছে বাফুফে ভবন।কারণ,সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী থাকা মানেই বাফুফে নির্বাচন জমে ওঠার বড় একটা সম্ভাবনা।