নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ, পুলিশের মামলা

দেশবাংলা ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ মামলা করেছে। অবহেলার কারণে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ মামলায় উল্লেখ করেছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ।

আজ রোববার সকালে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাস,বিদ্যুৎ ও মসজিদ কমিটির অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখবে ঘটনায় গঠিত তদন্ত কমিটি।যাদের অবহেলায় ভয়াবহ এ ঘটনা ঘটেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন,পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণ অবহেলায় ঘটেছে। যার কারণে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামি অজ্ঞাত করা হয়েছে। যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে, তদন্তের রিপোর্টে যারা দোষী হবে তারাই এ মামলার আসামি হবে।তাদেরকে এ মামলায় আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিম জানান,অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।আর তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বলে কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম জানিয়েছেন।কমিটির প্রধান করা হয়েছে তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে।

অপরদিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।