বঙ্গবন্ধুর পরিবারই দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর

স্পোর্টস ডেস্ক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারই দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

জাহিদ আহসান রাসেল আরও বলেন,বাংলার মানুষের ভাগ্যোন্নয়ন এবং শোষণ, বঞ্চনা ও নির্যাতনমুক্ত করার জন্য যিনি ‘রাজনীতি’ বেছে নিয়েছিলেন সেই মহৎ মানুষটির পরিবার বাংলাদেশের একটি বৃহৎ ‘ক্রীড়া-পরিবার’।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,বিস্মিত হওয়ারই বিষয় যে, এক পরিবারে এতজন ক্রীড়াবিদ-ক্রীড়া ব্যক্তিত্ব। স্বাধীনতার আগে ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অবদান অনস্বীকার্য।

মো. জাহিদ আহসান রাসেল বলেন,বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানও ছিলেন একজন সুপরিচিত ফুটবলার। বঙ্গবন্ধু নিজেও ছিলেন কৃতী ফুটবলার। হকি ও ভলিবলও খেলেছেন। ক্রীড়া-উন্নয়নে ছিল তাঁর বিশেষ নজর। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল এ আঙিনায় যেন পিতাকেও ছাড়িয়ে গিয়েছিলেন। শেখ জামালও ছিলেন ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়। শেখ কামালের সহধর্মিণী মেধাবী ক্রীড়াবিদ সুলতানা কামালের নাম যেন ক্রীড়াঙ্গনের সবুজ মাঠের প্রতিটি ঘাসের সঙ্গে মিশে রয়েছে। তাঁরা সবাই আজ ফ্রেমবন্দি। কিন্তু জীবনের বাঁকে বাঁকে তাঁরা এ দেশের ক্রীড়াঙ্গন করেছেন সমৃদ্ধ।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী ক্রীড়াবিদ না হয়েও ক্রীড়াঙ্গনের সবচেয়ে আপনজন, অভিভাবক। তাঁর রাষ্ট্র পরিচালনাকালেই বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জনগুলো এসেছে। জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানারও ক্রীড়ার প্রতি রয়েছে বিশেষ আগ্রহ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও স্টেডিয়ামে মাঝে মধ্যে দেখা যায়।