বন‌্যার্তদের নৌকা উপহার দিলেন পলক

নাটোর প্রতিনিধি :

নাটোরের হালতিবিল ও চলনবিলের বন‌্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তিনি বিলহালতি ত্রিমোহনী বাঁধ মেরামত কাজ পরিদর্শনসহ পাঁচ শতাধিক বানভাসি পরিবারে ত্রাণ ও ১৩টি নৌকা বিতরণ করেন। পরে লালোর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,মাত্র ১১ বছরে লালোর ইউনিয়নকে একটি রোল মডেলে পরিণত করেছি। রাস্তা-ঘাট, বিলহালতি ত্রিমোহনী কলেজসহ সব উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উপহার।

তিনি বলেন, হালতিবিল এবং চলনবিলের মানুষ আজ বন্যা কবলিত হয়েছে। আমার সিংড়া উপজেলার আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভাসহ প্রায় এক লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছে। ইতোমধ্যে তাদের জন‌্য ৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১৪টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় গ্রহণ করেছে। নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। বাঁধ-রাস্তা ভেঙে যাচ্ছে। আপনাদের থাকা-খাওয়া ও চিকিৎসার সব দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন। অনুরোধ করবো, আপনারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন।

ত্রাণ ও নৌকা বিতরণকালে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।