
দেশবাংলা ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত্রতত্র পশুরহাট বসানো যাবে না, সড়ক-মহাসড়কের ওপর কিংবা পাশে অনুমতি দেয়া যাবে না। কেনাবেচায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে।
আজ (রোববার) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল তখন বিএনপি সমালোচনা করেছিল কেন?
ওবায়দুল কাদের বলেন, আসন্ন কোরবানির ঈদে পশুরহাট এবং মানুষের ঈদযাত্রা করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে, বিশেষজ্ঞদের এমন আশঙ্কায় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কয়েকটি জেলায় পশুরহাট না বসানোর পরামর্শ দিয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে এ পরামর্শ খুবই ব্যবহারিক এবং বাস্তবায়ন সম্ভব হলে ভালো ফলাফল বয়ে আনবে নিঃসন্দেহে।
তিনি বলেন, লকডাউনের জন্য চাপ তৈরি করে মির্জা ফখরুল সাহেব এখন জনগণের জীবীকার কথা বলছেন। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতোমধ্যেই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।
সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য নাকি পরিস্থিতি খারাপ হয়েছে বিএনপি নেতাদের এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারিতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমশিম খায়নি। সরকার সর্বোচ্চ চেষ্টা করে জনগণকে সাথে নিয়ে সংকট মোকাবিলা করে চলেছেন। শেখ হাসিনা সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি। ভবিষ্যতেও দিবে না।
