দেশে করোনায় ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৩২৮৮ জন

দেশবাংলা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৯ জনের মৃত্যু।মৃতের সংখ্যা ১ হাজার ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২৮৮ জন।মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭২৭টি। এখন পর্যন্ত ৮ লাখ ৩২ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৫ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৮৭ জন, যা শতকরা ৭৯ দশমিক ৪৭ ভাগ এবং নারী ৪১০ জন, যা শতকরা ২০ দশমিক ৫৩ ভাগ।

বয়স বিশ্লেষণে দেখা যায়,৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৩ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন একজন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তিন জনকে।