বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমেছে

দেশবাংলা ডেস্ক

করোনাভাইরাসে গত এক মাসে চাল, ডাল, তেল, চিনি, আদা, পেঁয়াজ, রসুনসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

টিসির তথ্য অনুযায়ী, গত এক মাসে নাজির ও মিনিকেট চালের দাম ৪ দশমিক ২০ শতাংশ কমে ৫২ থেকে ৬২ টাকা কেজি বিক্রি হচ্ছে। চিকন চালের দাম কমলেও মাসের ব্যবধানে বেড়েছে মোটা চালের দাম। মোটা চালের দাম ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম মাসের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

ভোজ্য তেলের মধ্যে মাসের ব্যবধানে সব থেকে বেশি দাম কমেছে সুপার পাম অয়েলের। সুপার পাম অয়েলের দাম ৬ দশমিক ৪৫ শতংশ কমে ৭০ থেকে ৭৫ টাকা লিটার বিক্রি হচ্ছে। তবে লুজ (খোলা) পাম অয়েলের দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই লুজ পাম অয়েলের লিটার ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।

লুজ (খোলা) সয়াবিন তেলের দাম মাসের ব্যবধানে ৫ দশমিক ৫৬ শতাংশ কমে ৮৪ থেকে ৮৬ টাকা বিক্রি হচ্ছে। এক লিটার সয়াবিন তেলের বোতল ২ দশমিক ৩৮ শতাংশ কমে ১০০ থেকে ১০৫ টকা হয়েছে। আর বোতলের ৫ লিটারের সয়াবিন তেল ২ দশমিক ৫৪ শতাংশ কমে ৪৫০ থেকে ৫১০ টাকা বিক্রি হচ্ছে।

গত এক মাসে সব ধরনের মসুর ডাল ও অ্যাংকর ডালের দাম কমেছে। তবে বেড়েছে মুগ ডাল ও ছোলার দাম। বড় দানার মসুর ডালের দাম ৯ দশমিক ৩৮ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। মাঝারি দানার মসুর ডাল ৯ দশমিক ৫২ শতাংশ কমে ৯০ থেকে ১০০ টাকা এবং ছোট দানার মসুর ডাল ৮ শতাংশ কমে কেজি ১১০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অ্যাংকরের দাম ১০ দশমিক ৫৯ শতাংশ কমে ৩৬ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

করোনাভাইরাসের প্রকোপ ও রোজায় কয়েক দফা বাড়লেও ঈদের পর একাধিক দফায় কমেছে চিনির দাম। এতে মাসের ব্যবধানে ২ দশমিক ৪০ শতাংশ কমে চিনির কেজি বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬৫ টাকার মধ্যে। অপরদিকে ফার্মের মুরগির ডিমের দাম ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়ে প্রতি হালি ৩৩ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে।

রুই মাছের দাম মাসের ব্যবধানে ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে ইলিশ মাছ আগের মতোই ১০০০ থেকে ১২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম দশমিক ৮৫ শতাংশ কমে ৫৭০ থেকে ৬০০ টাকা এবং খাসির মাংস ১১ দশমিক ৭৬ শতাংশ কমে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।