
দেশবাংলা ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জমান (৭৫) মারা গেছেন।
রোববার (২৮ জুন) ভোর ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমওইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গত ১৯ জুন সন্ধ্যায় তিনি সিএমএইচে ভর্তি হন।সেখানে করোনা পজেটিভ শনাক্ত হয়।তার ছেলে শরিফের সোমবার (২৯ জুন) লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফিরলে জানাজা ও দাফন হবে।
অ্যাডভোকেট আকরামুজ্জমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দলের জেলা শাখার সভাপতির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
তিনি বলেন, আমরা একজন ত্যাগী, গুণী বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবীকে হারিয়েছি। তার পরিবার যেন এ শোক সইবার তওফিক অর্জন করে এবং মরহুমের জান্নাত কামনা করি।
