
দেশবাংলা ডেস্ক
করোনাভাইরাস নিয়ে সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, আসলে সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা সমস্যার কীভাবে সমাধান করবে, সেটা সরকারের চিন্তার মধ্যে নেই। মূল প্রবাহ তো এখনও আসেনি। আগামী এক দুই মাস পরে এটা যখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে, তখন এর মূল প্রবাহ দেখা দেবে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গণস্বাস্থ্য হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাস থেকে ডা. জাফরুল্লাহর রোগ মুক্তিকে কেন্দ্র করে এই আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় আরও আলোচনা করা হয় করোনা বনাম বিশ্ব পুঁজিবাজার ২০২০-২১ বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ে।
সভায় ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন,আপনারা যে আমার জন্য দোয়া করেছেন,তা অকল্পনীয়।একজন মানুষকে যে মানুষ এতো ভালোবাসতে পারে,তা আগে জানতাম না।
তিনি আরও বলেন, ৭১-এ যুদ্ধ করে ভালোবাসা পেয়েছিলাম।এখন আবার আপনাদের ভালোবাসা পাচ্ছি।
ডা. জাফরুল্লাহ বলেন, আপনারা যদি আমার বাজেট প্রবাহ দেখেন, সেখানে কিছু দিক নির্দেশনা আছে। এটা জনগণের দাবি উঠানো ছাড়া, আওয়াজ তোলা ছাড়া, বাস্তবায়ন সম্ভব না।
জাতীয় ওষুধ নীতির নিয়ম বদলালে দেশে ওষুধের দাম অর্ধেক হবে বলে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, এই পরিবর্তনের জন্য জনগণের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে।
