
দেশবাংলা ডেস্ক
কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিপূর্ণ ব্যর্থ হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
হারুনুর রশীদ বলেন,স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে ফোন করে মেসেজ দিয়ে সাড়া পাওয়া যায় না। ওই অফিসের পিএস, পিএ, পরিচালক কেউই ফোন ধরেন না। চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। স্বাস্থ্য অধিদফতর একটি বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এগুলো পরিবর্তন করেন। স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দিন। তাদের সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য উপযুক্ত ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিদের সেখানে বসাতে হবে।
করোনা চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে তিনি বলেন, বিএমএ আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠান। তারা বলেছেন,করোনা চিকিৎসায় মৃত্যুর দায় মন্ত্রণালয় এবং অধিদফতরের।এটা বাস্তব কথা। করোনার এই দুঃসময়ে কিট বা করোনার সামগ্রী, কোভিড হাসপাতালে চিৎিসকদের কী দুরবস্থা। রোগীরা কী অবস্থায় আছেন। কোনও খবর নেই।
হারুন বলেন, এই করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। দেশে এখন জাতীয় যে সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য দরকার। আর ঐকমত্য প্রশ্নে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে, তা প্রত্যাহার করে নিতে হবে।
অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন,উন্নয়নের রাজনীতির চিন্তাভাবনা বাদ দিতে হবে।দেশ বাচাঁও, মানুষ বাঁচাও-এর রাজনীতি করতে হবে। উন্নয়নে ব্যয় কমাতে হবে। প্রয়োজনে মন্ত্রিপরিষদের আকার ছোট করতে হবে। এর মাধ্যমে ব্যয় কমিয়ে মানুষকে বাঁচানোর পদক্ষেপ নিয়ে সুনির্দিষ্টভাবে অগ্রসর হতে হবে।
হারুনুর রশীদ বলেন,এমন এক সময় করোনার আঘাত বাংলাদেশে এসেছে, যখন দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল অবস্থায়। রেমিট্যান্স ছাড়া সবকিছুই ছিল একেবারেই নিম্নমুখী। ব্যাংক খাত, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠানগুলো খুবই নাজুক। এসব খাতে দরকার ছিল প্রণোদনা। এই দুর্বল অর্থনীতি নিয়ে আমাদের করোনা মোকাবিলা করতে হচ্ছে। এটা অত্যন্ত চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জের মাত্রা নির্ভর করছে করোনা পরিস্থিতি কতদিন দীর্ঘস্থায়ী হবে তার ওপর। জীবন বাঁচাতে হবে। খাদ্যের যোগান এবং চিকিৎসাসেবা নিশ্চিত সব থেকে বড় চ্যালেঞ্জ। করোনা সংক্রমণ রোধ করতে হবে। আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হবে। যাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবিলায় সরকার বেশকিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য সুশাসন ও সমন্বয় খুবই দরকার। অপরদিকে সরকার যে প্রণোদণা ঘোষণা করেছে, তা পর্যাপ্ত কিনা এবং তা বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা? সেটও প্রশ্ন রাখে। করোনাভাইরাসে সারা পৃথিবী বিপর্যস্ত এতে কোনও সন্দেহ নেই। এই অবস্থায় সরকারকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
