
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকালে ১০টায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমদ জানান, সকাল ১০টায় মারা গেছেন কামাল লোহানী।
কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, ধরে রাখতে পারলাম না। চলে গেলেন কামাল লোহানী।
শুক্রবার (১৯ জুন) জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ভাইরাসের সংক্রমণ ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বরেণ্য এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর তিনি আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
