প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করলো ইসলামী আন্দোলন

দেশবাংলা ডেস্ক

২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখান করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন।

দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ প্রস্তাবিত বাজেট প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন এবং ‘জীবন বাঁচাও-জীবিকা বাঁচাও’ প্রতিপাদ্যে নতুন করে বাজেট প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে ইউনুছ আহমাদ বলেন, এই ভূখণ্ডের মানুষ ও মানুষের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা আইয়ুব, ইয়াহিয়া, ভুট্টোরা কিন্তু আজ ইতিহাসের আস্তাকুঁড়ে ঘুমায়। তাই জনবিরোধী বাজেট প্রণেতাদের ইতিহাস ক্ষমা করবে না। যেখানে কোটি কোটি মানুষের মৌলিক অধিকার ও ন্যূনতম বেঁচে থাকার সুযোগও সংকীর্ণ, সেখানে ঋণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এতো বেশি বেতন-ভাতা দেওয়ার কোনও মানে নাই।

তিনি বলেন, মোবাইল সিম ও সিম কার্ডের মাধ্যমে দেওয়া সেবার ওপরে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর মাধ্যমে করোনার এই কঠিন আর্থিক সংকটের মুহূর্তে মানুষের খরচ বাড়ানো হলো। অতিরিক্ত ৫ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করতে হবে।

বাজেটে ঋণ ও সুদ প্রসঙ্গে ইউনুছ আহমাদ বলেন, ‘বাজেটের আকার যেমন বাড়ছে, তেমনি ঋণ ও সুদের বোঝাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে সরকারের পক্ষে ঘাটতি বাজেট থেকে বের হয়ে আসা কখনোই সম্ভব হবে না। করোনার বাস্তবতা ও দেশের রাজস্ব আদায়ের অতীত ইতিহাস বিবেচনায় নতুন অর্থবছরে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবাস্তব। ফলে বাজেটে ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি থেকে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’