
ধর্ম ডেস্ক
মহামারি করোনায় আক্রান্ত সারাদেশ।বিপদ ও মুসিবত যত বেশিই হোক না কেন, মুমিন মুসলমানের উচিত নিজেদের মহান আল্লাহর হেফাজতে রাখা। এক্ষেত্রে হাদিসের নির্দেশনা মেনে চলা।
হাদিসে এসেছে-
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে ছিলাম। তিনি আমাকে সম্বোধন করে বললেন, ‘হে ছেলে! আমি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিচ্ছি।
– তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন।
– তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহকে তুমি তোমার বরাবর পাবে।
– যখন তুমি কিছু চাইবে, আল্লাহর কাছে চাইবে।
– তুমি যখন কিছু সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাইবে।
জেনে রাখো! গোটা জাতি যদি কোনো কিছুর মাধ্যমে তোমার উপকারের বিষয়ে ঐক্যবদ্ধ হয়, তারা কিছুতেই কিছু দিয়ে তোমার উপকার করতে পারবে না, তোমার জন্য আল্লাহ যা লিখে রেখেছেন তা ছাড়া। আবার গোটা জাতি যদি কোনো কিছুর মাধ্যমে তোমার অপকার বা ক্ষতির বিষয়ে ঐক্যবদ্ধ হয়, তারা কিছুতেই কিছু দিয়ে তোমার অপকার বা ক্ষতি করতে পারবে না, তোমার বিপক্ষে আল্লাহ যা লিখে রেখেছেন তা ছাড়া। কেননা কলম তুলে নেওয়া হয়েছে এবং কাগজ শুকিয়ে গেছে।’ (তিরমিজি)
এ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কম বয়সী সাহাবি হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে অতি মূল্যবান ও অতীব গুরুত্বপূণ কয়েকটি উপদেশ দিয়েছেন।
احفظ الله يحفظك
‘তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন।’ বিস্ময়ের ব্যাপার হলো- ‘আল্লাহর হেফাজত করা নিয়ে। মানুষ কীভাবে আল্লাহর হেফাজত করবে?
অর্থ –
আল্লাহর হকগুলো যথাযথভাবে আদায় করা বা হেফাজত করা। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা তথা সীমারেখাগুলোর হেফাজত করা। আল্লাহর বিধিনিষেধগুলো লঙ্ঘন না করা। এ সব বিষয়গুলোর যথাযথ হেফাজতই হলো আল্লাহর হেফাজত।
তবেই আল্লাহ তাআলা বান্দার হেফাজত করবেন। তার দুনিয়ার বৈষয়িক বিষয়াদি, তার নিজ ও পরিবার-পরিজন এবং স্বাস্থ্য-সম্পদ ইত্যাদিরও হেফাজত করবেন আবার তার আখেরাতে মুক্তির উপায় হিসেবে দ্বীন-ঈমানেরও হেফাজত করবেন। সুবহানাল্লাহ!
হাদিসের দ্বিতীয় উপদেশটি অসাধারণ এবং অনেক বেশি আশ্বাসময়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় বলছেন, احفظ الله ‘তুমি আল্লাহকে হেফাজত করো’। এর প্রতিদান ঘোষণা করেছেন- تجده تجاهك ‘আল্লাহকে তুমি তোমার বরাবর পাবে।’
অর্থাৎ আল্লাহ তোমাকে সর্বাবস্থায় তাঁর সাহায্য ও সুরক্ষা দিয়ে তোমাকে ঘিরে রাখবেন। তোমাকে সব রকমের অযাচিত-অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে আল্লাহ নিরাপদ রাখবেন। তোমার সব উদ্যোগ-প্রচেষ্টায় আল্লাহ তোমাকে সফলতা দান করবেন।
