
স্পোর্টস ডেস্ক
নিজের ছেলের হাতে খুন হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার জয়মোহন থাম্পি। খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে তার ছেলে অশ্বিনকে।
৬৪ বছর বয়সী থাম্পির মৃত্যুর খবরটি পুলিশকে জানায় তারই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া। নিচ তলা থেকে দুর্গন্ধ আসায় পুলিশে খবর দিয়েছিলেন তিনি। তখনও জানা যায়নি ৩৩ বছর বয়সী অশ্বিনই বাবার খুনি। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের সন্দেহ বাড়ে।
সোমবার সকালে থাম্পির লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যু হয়েছে তারও ৩৬ ঘন্টা আগে। কিন্তু ছেলে অশ্বিন বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। সবমিলিয়ে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সব তথ্য।বাবা-ছেলে ছাড়া আর কেউই থাকতেন না ওই ফ্ল্যাটে।
সংবাদ সংস্থা টিওআইকে পুলিশ কর্মকর্তা জানান,বাড়িতে বাবা-ছেলের একসঙ্গে মদ খাওয়ার অভ্যাস ছিল। শনিবারও তারা একসঙ্গে মদ্যপানে মত্ত হন। এক পর্যায়ে থাম্পির ডেবিট কার্ড নিয়ে আরও মদ কিনতে চেয়েছিলেন অশ্বিন। কিন্তু বাবা তাতে রাজি হননি। এ থেকেই দুজনের মধ্যে ঝগড়া বাঁধে।
পুলিশ কর্মকর্তা জানান, ওই মদ কেনাকে কেন্দ্র করেই নিজ বাড়িতে মারামারিতে লেগে যান বাবা-ছেলে। এক পর্যায়ে পা পিছলে ফ্লোরের ওপর পড়ে যান থাম্পি। মাথায় গুরুতর আঘাত পান। সেখান থেকেই মৃত্যু হয়।
