
আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারির মধ্যে ভারতে দ্বিতীয় দফায় হানা দিয়েছে পঙ্গপাল। পঙ্গপালের ঝাঁক ইতোমধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের শত শত একর জমির আবাদি ফসল সাবাড় করতে শুরু করেছে।
মে মাসের মাঝামাঝি প্রথম দফায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোনো অঞ্চল থেকে এক ঝাঁক পঙ্গপাল ভারতের রাজস্থান রাজ্যে প্রবেশ করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) তখন ভারতকে সতর্ক করে বলেছিল, আগামী ২২ জুনের মধ্যে পাকিস্তান থেকে আরও কয়েক ঝাঁক পঙ্গপাল ভারতে প্রবেশ করবে।
সংস্থাটি বলছে, দ্বিতীয় দফায় পঙ্গপালের ঝাঁক সংখ্যায় হবে অনেক বেশি। ভারতের পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা বলছে, কয়েক সপ্তাহ পরই ঝাঁকে ঝাঁকে এসব পঙ্গপাল ঢুকবে ভারতে। তারপর ফসলি জমিতে ছড়িয়ে পড়বে এই রাক্ষুসে পোকার দল। এ নিয়ে উল্লিখিত সাত রাজ্যকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে।




