করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগে নেপালে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নেপালে বিক্ষোভ করেছে প্রায় ৫০০ মানুষ।

মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘যথেষ্ট হয়েছে’। তারা করোনা শনাক্ত ব্যবস্থা উন্নত করা, বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখা কেন্দ্রগুলোর উন্নতকরণ এবং সরকারের কাজকর্মের স্বচ্ছতার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জড়ো হওয়া ১০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

করোনার বিস্তার রোধে ২৪ মার্চ থেকে নেপালে লকডাউন জারি রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩ হাজার ৭৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৪ জন।

জগন্নাথ লামিচ্চানে নামে এক বিক্ষোভকারী বলেন, ‘অর্থনীতি এখন কসাইখানায়, সরকার আমাদের স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থাকে সংকটে ফেলেছে এবং তারা অকার্যকর ও অযোগ্য।’