
দেশবাংলা ডেস্ক
আগামী ৭ জুন ছয় দফা দিবস এবং ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জনসমাগম বা কোনো জমকালো অনুষ্ঠানের আয়োজন করবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বড় দুটি দিবসে অনেকটাই ঘরোয়া আর অনলাইনেই সীমাবদ্ধ থাকবে পরপর তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা দলটির কর্মসূচি। দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
নেতারা বলছেন, সারাবিশ্বে করোনা মহামারির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না। করোনার কারণে সীমিত পরিসরে কর্মসূচি পালন করা এবং ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীর কার্যালয়ে থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
সূত্রমতে, আগামী ৭ ও ২৩ জুন কার্যনির্বাহী সংসদের সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিনিধির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করার কথা হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
