যে আমলে ফেরেশতাদের সাহায্য পাবে মুমিন

ধর্ম ডেস্ক

কুরআন-সুন্নাহর নির্দেশ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাদের প্রতি সদাচরণ করা। কেননা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম বা নিষিদ্ধ কাজ।হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার আত্মীয়-স্বজন আছেন। আমি তাদের সাথে সদাচরণ করি; কিন্তু তারা আমাকে বিচ্ছিন্ন (সম্পর্ক ছিন্ন) করে রাখে। আমি তাদের উপকার (দয়া-মায়া) করে থাকি, কিন্তু তারা আমার অপকার (বিরূপ) করে। আমি তাদের প্রতি সহনশীলতা প্রদর্শন করে থাকি আর তারা আমাকে কষ্ট (মূর্খসুলভ আচরণ করে) দেয়।

তখন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি যা বললে, প্রকৃত অবস্থা যদি তাই হয়, তবে তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করছ (তাদের মুখে আগুনের জলন্ত কয়লা ঢকিয়ে দিচ্ছ)।

আর সব সময় তোমার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী (ফেরেশ্‌তা) থাকবে, যতক্ষণ তুমি এ অবস্থায় বহাল থাকবে।’ (মুসলিম)

সুতরাং দুনিয়ার প্রতিটি মানুষের উচিত, শুধু আত্মীয়-স্বজনের সঙ্গেই নয় সব মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। সদাচরণ করা। চাই অন্যরা তার সঙ্গে সদাচরণ করুক কিংবা না করুক। কেননা অন্যরা সদাচরণ না করলেও যে ব্যক্তি পরস্পরের সঙ্গে সদাচরণ করবে, তাদের জন্য থাকবে ফেরেশতাদের সাহায্য ও সহযোগিতা। যেমনটি ঘোষণা করেছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাই প্রত্যেকের জন্য নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকা জরুরি।