রাতে তামিমের আড্ডায় থাকবেন কোহলি

স্পোর্টস ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লাইভ চ্যাট শো করছেন তামিম ইকবাল। কখনো একজন বা কখনো একাধিক দেশি কিংবা বিদেশি ক্রিকেটারদের নিয়ে আড্ডায় হাজির হচ্ছেন তিনি। ভারত অধিনায়ক বিরাট কোহলি যুক্ত থাকবেন তামিমের আড্ডায়।

কোহলির সঙ্গে তামিমের ফেইসবুক লাইভ আড্ডা হবে সোমবার রাত সাড়ে ১০টায়। নিজের ফেইসবুক পেজে করা পোস্টে শনিবার রাতে তামিম এই ঘোষণা দেন।

করোনাভাইরাসের কারণে মাঠে ক্রিকেট নেই। প্র্যাকটিসেরও সুযোগ নেই। তাই ঘরেই সময়ে কাটছে ক্রিকেটারদের। এই ঘর বন্দী সময়ে ভক্তদের বিনোদন দিতেই তামিমের নিয়মিত লাইভ শো।

তামিম তার লাইভ শো প্রথম শুরু করেন ইন্সট্রাগ্রামে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে লাইভ করেন এই মাধ্যমে। এরপর থেকে শুরু করেন ফেইসবুক লাইভ।

পর্যায়ক্রমে মাশরাফী বিন মোর্ত্তজা, একই দিনে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ, তিন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়-খালেদ মাহমুদ-হাবিবুল বাশার, ফ্যাফ ডু প্লেসি, রোহিত শর্মা তামিমের অতিথি হয়ে এসেছিলেন।

সবশেষ শনিবার তামিম আড্ডা দেন মুমিনুল, লিটন ও সৌম্য সঙ্গে। সেই আড্ডার এক পর্যায়ে যুক্ত হয়েছিলেন তাইজুল ইসলাম।