চিকিৎসক সঙ্কট মেটাতে হাসপাতালে যাবে ছাত্রলীগ

দেশবাংলা ডেস্ক

করোনা চিকিৎসার হাসপাতালগুলোতে চিকিৎসক সঙ্কট মেটাতে ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের পাঠাবে ছাত্রলীগ।

স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন,করোনাভাইরাসের সঙ্কটকালে সবখানেই চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। অনেক জায়গায় চিকিৎসক সঙ্কট দেখা যাচ্ছে। এসব জায়গায় পাশে দাঁড়াতে চায় ছাত্রলীগ। এজন্যে দেশের যেসব হাসপাতালে চিকিৎসক সঙ্কট রয়েছে সেখানে ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের পাঠানো হবে।

করোনা চিকিৎসার জন্য প্রাথমিক অবস্থায় রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতালে ছাত্রলীগের মেডিকেল ইউনিটগুলো থেকে প্রায় ২০ জন করে শিক্ষার্থীকে পাঠানো হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সারাদেশে করোনা সঙ্কট। ফলে চিকিৎসক সঙ্কট দেখা দিচ্ছে। একারণে এই সেবায় ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সুযোগ করে দিতে পারলে তারা ভূমিকা রাখতে পারবে।দেশের যেসব হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে সেসব জায়গায় রোগীদের সেবায় ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের পাঠাবে ছাত্রলীগ।