
দেশবাংলা ডেস্ক
মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত না করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঈদের আগে তাদের বকেয়া বেতন পরিশোধেরও অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন,সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এটা তাদের প্রাপ্য অধিকার। পরে দেয়ার চেয়ে এখন দিলে কাজে লাগবে। আমরা সরকারের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করছি। সহসা সুখবর দেবো।
তিনি জানান, সাংবাদিক নেতাদের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। আমি মনে করি, যদি কোনো সুযোগ-সুবিধা দিতেই হয়, তা যারা চাকরিচ্যুত, বেতন পাচ্ছেন না নিয়মিত, তাদের প্রাপ্য।
আমি আশা করি মিডিয়া কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যসামগ্রী দিয়ে তাদের সাংবাদিকদের কাজে নিয়োজিত করবেন। তাদের কাছে আমার অনুরোধ, পর্যাপ্ত স্বাস্থ্যসামগ্রী দিয়ে যেন তাদের মাঠে নামানো হয়। তারা যদি স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করেন, তাহলে তাদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
দেশবাংলাবিডি২৪/দে
