আগামী ১৭ মে ডিএসসিসির দায়িত্ব নেবেন ফজলে নূর তাপস

দেশবাংলা ডেস্ক

আগামী ১৭ মে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ১৬ মে বর্তমান মেয়র সাঈদ খোকনের দায়িত্ব শেষ হবে। পরের দিন তাপসকে চেয়ারে বসিয়ে দিয়ে বিদায় নেবেন সাঈদ খোকন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাসের মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। অনেকটা সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাট অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্থান্তর করা হবে।

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি ডিএসসিসির দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তিনি শপথও নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় অপেক্ষা করতে হলো তাপসকে।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান বলেন, আগামী ১৭ মে নব নির্বাচিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্বগ্রহণ করবেন। দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান সম্পর্কে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ব্যাপারে মেয়র সাঈদ খোকনের একান্ত সচিব (উপসচিব) মো. জহিরুল ইসলাম বলেন, নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ১৭ মে দায়িত্বগ্রহণ করবেন। তবে অনুষ্ঠানের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার বলেন, আগামী ১৭ মে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নিতে যাচ্ছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি প্রস্তুতি নিয়েছেন। চেয়ারে বসার পর থেকেই সেগুলো বাস্তবায়ন শুরু করবেন।

দেশবাংলাবিডি২৪/দে