
দেশবাংলা ডেস্ক
করোনা পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রতিবাদে ঢাকা আহসানিয়া মিশন (ডিএএম) ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
রোববার ধানমন্ডির আহসানিয়া মিশনের কার্যালয় ঘেরাও এবং দৈনিক আলোকিত বাংলাদেশের সম্পাদকের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। একই সঙ্গে সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি জানান তারা।
দৈনিক আলোকিত বাংলাদেশ আহসানিয়া মিশনের প্রতিষ্ঠান হওয়ায় এটি ঘেরাওয়ের এ উদ্যোগ নেয়া হয়।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) ঢাকার গ্রিন রোডে অবস্থিত আলোকিত বাংলাদেশের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে আহ্ছানিয়া মিশন ঘেরাওয়ের ঘোষণা দেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ। কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক আছাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। আলোকিত বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন ইউনিট চিফ মতলু মল্লিক, ডেপুটি ইউনিট চিফ শফিক বাশার প্রমুখ।
বক্তারা নিঃশর্তভাবে ছয় সাংবাদিকের চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, করোনার এই দুর্যোগ এবং রমজানের ঠিক আগ মুহূর্তে আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষের এমন অবৈধ আদেশ কোনোভাবেই মেনে নেয়া যায় না। পরবর্তীতে র্যাব-২ এর মধ্যস্থতায় বুধবার বেলা ১১টায় বিষয়টি নিয়ে আলোচনায় বসার দিন ধার্য করেন আলোকিত বাংলাদেশের সম্পাদক কাজী রফিকুল আলম।এ প্রস্তাবে সম্মত হয়ে কর্মসূচি স্থগিত করেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ। কর্মসূচিতে আলোকিত বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক-কর্মচারী অংশ নেন।
