পরিবহন শ্রমিকরা খাবারের কষ্টে

দেশবাংলা ডেস্ক

করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশে গত ২৬ মার্চ থেকে সারাদেশের পরিবহন ব্যবস্থা বন্ধ আছে। এই মুহূর্তে পরিবহন খাতের বেশিরভাগ শ্রমিক যার যার বাড়িতে অবস্থান করলেও কিছু শ্রমিক নিয়োজিত আছেন পরিবহন পাহারা দেওয়া ও রক্ষণাবেক্ষণ কাজে। দেশের বিভিন্ন টার্মিনালে অবস্থান করলেও অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রতিদিনের খাবারের টাকা মালিক দিলেও সেই টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করতে পারছেন না তারা। সব হোটেল, দোকানপাট বন্ধ থাকায় নিরুপায় তারা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এমন কয়েকজন পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের নির্দেশে পরিবহন বন্ধ ঘোষণার পর থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালসহ দেশের সব টার্মিনালেই অনেক গাড়ি পার্কিং করা। এসব গাড়ির নিরাপত্তার জন্য হেল্পার কিংবা কন্ডাক্টরকে নিয়োজিত করেছেন মালিকরা। বিনিময় তারা প্রতিদিনই বেতন এবং খাবার খরচ পাচ্ছেন। কিন্তু দোকান বন্ধ থাকায় খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। আবার যাদের থাকার জায়গা আছে তাদের বাসা টার্মিনাল থেকে অনেক দূরে। তাই রান্নার ব্যবস্থাও করা যাচ্ছে না।

পরিবহনের কর্মী বলেন, ২৫ তারিখ থেকে গাড়ি বন্ধ। আমরা কয়েকজন আছি গাড়ির নিরাপত্তার জন্য। কোনও গাড়িতে ২ জন আবার কোনও গাড়িতে ১ জন আছে। মালিক টাকা দেয় খাবারের জন্য , কিন্তু খাবার কিনমু কোথায়। দোকান তো সব বন্ধ, হোটেল খোলা নাই। আর মালিকও তো এখন আসতে পারবেন না খাবার নিয়ে।
অপর এক পরিবহন কর্মী বলেন, খাবারের কষ্ট অনেক দিন ধরেই। হোটেল খোলা থাকলে এই সমস্যা হইতো না। এখন আমরা অনেক দূর থেইক্কা রান্না কইরা আনি। তাও সবার হয় না। মেসের থেইক্কা খাবার আনে ১০ জনের, খাই ৩০ জন মিল্লা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও পুরো দেশ কার্যত লকডাউনে। মানুষ ঘরবন্দী। তবে ঘরবন্দী মানুষের খাবার তো আর বন্ধ থাকবে না। এই খাবারের জোগান আসবে কীভাবে? ঢাকাসহ বড় শহরে তো খাদ্যপণ্য উৎপাদিত হয় না। এ জন্যই সরকার পণ্য পরিবহনের যানবাহনের চলাচল চালু রেখেছে। ঘরবন্দী মানুষের খাবার পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত আছেন পণ্য পরিবহনশ্রমিকেরা। তবে পথে পথে হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে তাঁদের খাবারদাবারে সমস্যা হচ্ছে।

দেশে পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন আছে প্রায় সাড়ে তিন লাখ। কিন্তু এর প্রায় সবই বন্ধ। চলছে শুধু কাঁচা সবজি, চালসহ খাদ্যপণ্য এবং জরুরি ওষুধবাহী যান। যা মোট পণ্যবাহী যানের ১০ শতাংশের মতো হতে পারে। কাঁচামাল সরবরাহের একটা বড় উৎস উত্তরবঙ্গ। এর মধ্যে বগুড়া হচ্ছে কেন্দ্র। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকেও কাঁচা সবজি ঢাকাসহ সারা দেশে যায়। একইভাবে চাল, ডাল, পেঁয়াজসহ খাদ্যপণ্যেরও বড় চালান আসে উত্তরবঙ্গ থেকে। চট্টগ্রাম, নারায়ণগঞ্জের মোকামের মালামালও সারা দেশে যায়। সরকারি চাল পরিবহন তো আছেই। মোটাদাগে এখন পণ্য পরিবহন এগুলোই।

হঠাৎ লকডাউন শুরু হওয়ার পর পরিবহনশ্রমিকেরা মহাসড়কে ব্যাপক খাবারের সংকটে পড়েন। অবশ্য পরে হাইওয়ে পুলিশের সহায়তায় ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে কিছু হোটেল-রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা জানান, এখন সীমিত হলেও কিছু খাবার পাচ্ছেন। তবে দাম বেশ চড়া।

শ্রমিকদের এই দুর্দশায় করণীয় বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যেসব শ্রমিক এখন পাহারা দিচ্ছেন এই লকডাউনের মধ্যে মালিকদের পক্ষে খাবার সরবরাহ করা কিছুটা কঠিন। তারা কিন্তু টাকা দিয়ে দিচ্ছেন। আমি আমার কোম্পানির শ্রমিকদের জন্য বিভিন্ন জেলায় ২০ লাখ টাকা দিয়েছি। অনেক মালিকই এরকম টাকা দিয়েছে।