যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল করতে ট্রাম্পের ৩ স্তরের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসের কারণে অচল হয়ে পড়া যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর অর্থনীতি সচল করতে গভর্নরদের জন্য তিন স্তরের পরিকল্পনা উপস্থাপন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।
ট্রাম্প বলেন,দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সমাজের জন্য ক্ষতি বয়ে আনবে। আমরা সব একসঙ্গে খুলে দিচ্ছি না, বরং এই সময়ে একটি সতর্ক পদক্ষেপ নিচ্ছি।
১৮ পৃষ্ঠার পরিকল্পনায় রাজ্যগুলোর অর্থনীতি সচলে তিনটি ধাপের কথা বলা হয়েছে। প্রতিটি ধাপের মেয়াদ হবে অন্তত ১৪ দিন। আবার প্রতিটি ধাপেই অবশ্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কর্মীদের উন্নয়ন নীতি, পরীক্ষা ও যোগাযোগ রক্ষার বিষয়টি বলা হয়েছে।
প্রথম ধাপে বর্তমানে লকডাউনের সময় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোর কথাই বলা হয়েছে। এর মধ্যে রয়েছে অপ্রয়োজনী ভ্রমণ এড়ানো, জমায়েত না হওয়া। তবে ‘শারিরীক দূরত্বের নির্দেশনা কঠোরভাবে মেনে’ রেঁস্তোরা, প্রার্থনালয় ও খেলার মাঠ পরিচালনার সুযোগ দেয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ইঙ্গিত পাওয়া না গেলে রাজ্যগুলি দ্বিতীয় ধাপে প্রবেশ করতে পারবে। এ পর্বে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ‘স্থান অনুপাতে নির্দিষ্ট সংখ্যক লোক ঢোকার শর্তে’ বার খুলে দেওয়ার কথা বলা হয়েছে।
তৃতীয় ধাপেও করোনার সংক্রমণ নিম্মমুখী থাকলে দূরত্ব বজায় রেখে মানুষের মধ্যে যোগাযোগের অনুমতি দেওয়া হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সীমিত কর্মী রাখার বিধিনিষেধ তুলে নেওয়া হবে। হাসপাতাল ও নার্সিং হোমগুলোতে ভর্তি থাকাদের দেখতে স্বজনদের অনুমতি এবং বারগুলোতে লোকজনের সংখ্যা বাড়ানোর সুযোগ দেওয়া হবে।